বিবেকানন্দের প্রতি
বিদিশা মুখার্জী (চ্যাটার্জী)
হে বীর সন্ন্যাসী!হে ভারতের সর্বকালের সেরা যুবনায়ক-
জন্মতিথিতে আজ তোমার চরণে জানাই শতকোটি প্রণাম।
যুবসমাজের এই অবক্ষয়ের দিনে আজ তোমাকে বড়ো প্রয়োজন,
পরাধীন ভারতে তুমি ছিলে যুবনায়ক,প্রাণোচ্ছল এক সংযমী বীরপুরুষ,
তুমি শিখিয়েছিলে সঠিক অধ্যয়ণ আর শরীরচর্চার মাধ্যমে সাফল্যের চাবিকাঠি খুঁজতে-
"শিবজ্ঞানে জীবসেবা" তোমারই জীবনের বাণী,
জাতপাতের ভেদাভেদ ভুলে আর্তের পাশে দাঁড়াতে তুমিই শিখিয়েছিলে,
তুমিই প্রমাণ করেছিলে নিজের কামকে জয় করে কিভাবে মহিলাদের "ভগিনী"সম্ভাষণ করা যায়।
হে বীর! দেশের যুবসমাজের আজ বড্ড বিপদ!!
নেশাতুর, যৌনলালসায় লিপ্ত মূর্খের দল আজ আর নারীকে সম্মান করেনা,
সততা ভুলে বিনাশ্রমে অর্থ উপার্জনের পথ খোঁজে,
আর্তের সেবায় আজ আর হাত বাড়ায় কজন?
হিংসা,হানাহানি, রক্তপাত -যুবসমাজ আজ চরিত্রগঠন অপেক্ষা রাজনীতিতেই আগ্ৰহী বেশি,
পথঘাট আজ আর সুরক্ষিত নয় নারীর কাছে,
উশৃঙ্খল যুবসমাজ আজ রোগে বা দুর্ঘটনায় অকালেই হারায় প্রাণ-
আজ তোমার অভাব প্রতিক্ষণে অনুভব করি,
হে বীর!ফিরে এসো এই দেশের বুকে-
তোমার দেখানো আলোকবর্তিকা পথ দেখাক দেশের যুবসমাজকে,
উচ্চশিরে বীরদর্পে এগিয়ে চলুক দেশের আগামীর ভবিষ্যৎ-
"জাতীয় যুবদিবস"এ তোমার স্মৃতিচারণ তবেই হবে সার্থক।।
0 Comments